নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারনী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে, হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
লিটন-মুশফিকের জোড়া শতক ও ২৫৩* রানের দুর্দান্ত জুটির উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে লিটন ১৩৫* ও মুশফিক অপরাজিত আছেন ১১৫* রানে।
সিরিজ নির্ধারনী এই ম্যাচে, টসে জয়লাভ করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মমিনুল হক। টসে জিতে আগে ব্যাট করতে নেমে, বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে মাত্র ২৪ রান তুলতেই টপ অর্ডারের প্রথম সারীর ৫ ব্যাটসম্যানকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মমিনুল বাহিনী।
চট্টগ্রাম টেস্টের উদ্বোধনী জুটিতে ১৬০ রান তোলা দুই ওপেনার তামিম-জয়, দু’জনই আজ ফিরেছেন ০ রানে! শূন্য রানের এই প্রতিযোগিতায় তারা সঙ্গী হিসেবে পেয়েছেন সাকিব আল হাসানকেও। এই ৩ ব্যাটার মিলে দলের স্কোরবোর্ডে কোন অবদান রাখতে পারেননি আজ।
বরাবরের মতো এই ইনিংসেও ব্যর্থ হয়েছেন কাপ্তান মমিনুল। ৯ রান করেই আসিথা ফার্নান্দোর বলে ডিকওয়ালার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ব্যাট হাতে এই ম্যাচেও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, ৮ রান করেই রাজিথার বিধ্বংসী বোলিংয়ে স্টাম্প উপড়ে প্যাভিলিয়নের টিকিট নিশ্চিত হয় তারও।
২৪ রানে তামিম,জয়,মমিনুল,শান্ত ও সাকিবের উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশ দলের আশার আলো হয়ে আসেন মুশফিক-লিটন।৭ম উইকেট জুটিতে এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় সামলে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
লিটন-মুশফিক দু’জনেই তুলে নেন শতক। ১৬ চার ও ১ ছক্কায় ১৩৫* রানে অপরাজিত থেকে দিন শেষ করেছে লিটন, অন্যদিকে ১৩ চারে ১১৫* রানে অপরাজিত মুশফিক।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে কাশুন রাজিথার শিকার ৩টি ও আসিথা ফার্নান্দর শিকার ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ (প্রথম দিন)
বাংলাদেশ (প্রথম ইনিংস): ২৭৭-৫ (৮৫ ওভার)
লিটন ১৩৫* ও মুশফিক ১১৫*
কাশুন রাজিথা: ১৯-৫-৪৩-৩
