নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অন্যান্য টেস্ট খেলুড়ে কয়েকটি দেশ ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করে। তবে বাংলাদেশ অবশ্য কখনও আগেভাগে একাদশ ঘোষণা করেনি। বরং ম্যাচের আগের দিন ও দল নিয়ে কোনো ধারণা দিতেও নারাজ থাকেন অধিনায়ক।
আগামীকাল সোমবার (২৩ মে) থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্ট। মিরপুরের সেই স্পিনভূমিতে একাদশে কয়জন পেসার খেলতে পারেন? পুরনো দিনগুলোর মত এক পেসার নিয়ে কি সাজানো হতে পারে একাদশ? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অবাক করা এক তথ্য দিলেন মুমিনুল হক। অধিনায়কের দাবি, একাদশে নাকি ৩ পেসারও দেখা যেতে পারে।
মুমিনুল বলেন,”আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কি না। মনে হয় না এক পেস বোলার খেলবে। এমনও হতে পারে তিনটাও খেলতে পারে।”
তবে মুমিনুলের এই ভাষ্য যে শুধু প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার জন্য কিংবা একাদশ নিয়ে আভাস না দেওয়ার চেষ্টা- তা দুর্বোধ্য নয়। তবে মুমিনুল জানিয়ে দিলেন, এই ম্যাচেও রাজাকে দর্শকের ভূমিকায় থাকতে হচ্ছে।
তিনি বলেন,”আপাতত হয়ত সম্ভাবনা নেই। তার মানে এই না ওকে ফেলে দিব। হয়ত প্রক্রিয়ার মধ্যে থাকবে।”
