নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল মাসে এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদিকে নিয়ে বোমা ফাটিয়েছিলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের এই অলরাউন্ডারকে মিথ্যেবাদী, চরিত্রহীন ও ষড়যন্ত্রকারী আখ্যা দিয়েছিলেন কানেরিয়া।
এর উত্তরে অবশ্য সেই সময় কিছু বলেননি আফ্রিদি। অবশেষে এবার মুখ খুলেছেন তিনি। আফ্রিদি জানিয়েছেন সস্তা জনপ্রিয়তা ও টাকার লোভেই এসব কথা বলছেন কানেরিয়া। এবার আফ্রিদি পালটা কানেরিয়ার চরিত্রের দিকে আঙুল তুলেছেন। জানিয়েছেন, কানেরিয়াকে তিনি ছোটো ভাইয়ের মতোই দেখতেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,”যে মানুষ এসব কথা বলছে, আগে তার চরিত্রের দিকে তাকান। আসলে ও আমার বিরুদ্ধে অভিযোগ করছে সস্তা জনপ্রিয়তা আর অর্থের লোভে। কানেরিয়াকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম। ওর সঙ্গে বহু বছর খেলেছি। আমার আচরণ যদি এত খারাপ হতো, তাহলে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেনি কেন? বা দলে জানায়নি কেন?”
আফ্রিদি পাল্টা অভিযোগ করে জানিয়েছেন, ধর্মকে পুঁজি করে উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন কানেরিয়া। এসব কারণেই ভারতীয় পত্রিকায় কানেরিয়া সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন বলেও মনে করেন আফ্রিদি।
তার ভাষ্য,”সে আমাদের শত্রুদেশে (পত্রিকায়) সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে, যা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে।”
কানেরিয়ার অভিযোগগুলোর মধ্যে একটি ছিল তিনি সনাতনধর্মী বলে তাকে লক্ষ্য বানিয়েছিলেন আফ্রিদি। চাপে ফেলে তাকে ধর্মান্তরিত করারও চেষ্টা করেছিলেন। এসব অভিযোগ এক কথায় অস্বীকার করেছেন আফ্রিদি।
আফ্রিদিকে নিয়ে অভিযোগ করে কানেরিয়া বলেছিলেন,”সে কখনোই চাইত না আমি দলে থাকি। সে একটা আস্ত মিথ্যাবাদী আর ষড়যন্ত্রকারী। চরিত্রেও সমস্যা আছে ওর। সে সব সময়ই আমাকে পেছন থেকে টেনে ধরত। আমরা দুজনই লেগ স্পিনার ছিলাম। সে কারণে আফ্রিদি আমাকে বসিয়ে দিত। আফ্রিদি অন্য খেলোয়াড়দের আমার বিরুদ্ধে উসকে দিত। আমার যেহেতু ভালো পারফরম্যান্স ছিল, তাই সে আমাকে হিংসা করত। আমি পাকিস্তানের হয়ে খেলতে পেরে গর্বিত। আমি অনেক কৃতজ্ঞ।”
