নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের নিজের দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে গিয়েও পূর্ণ করতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। ৯৯ রান করে ফিরে গেছেন ডানহাতি এই ওপেনার। অবশ্য দলের জয়ে অবদান রাখতে পেরেই সন্তুষ্ট তিনি।
আইপিএলে রবিবার (১ এপ্রিল) রাতের ম্যাচে হায়দরাবাদকে ১৩ রানে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে উদ্বোধনী জুটিতেই ১৮২ রান তোলে চেন্নাইয়ের ওপেনাররা। এছাড়া ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। এই দুটি ইনিংসই মূলত চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ম্যাচ শেষে গায়কোয়াড় জানালেন, সেঞ্চুরি মিস করার জন্য খারাপ লাগলেও দলের জয়ে অবদান রেখেই আনন্দিত তিনি।
গায়কোয়াড় বলেন,”৯৯ রানে আউট হয়ে যাওয়াটা অবশ্যই অনেক হতাশার। তবে আমি খুশি, কেননা আমি মোমেন্টাম ফিরে পেয়েছি। ডেভনের কাছ থেকে চাপও সরিয়ে নিতে পেরেছি। ৯৯ বা ১০০ ব্যাপার না, ম্যাচ জিতেছি এটাই গুরুত্বপূর্ণ।ঘরের মাঠে বড় সংগ্রহ করতে পারা অবশ্যই দারুণ ব্যাপার। দলের জয়ে আমি অবদান রাখতে পেরেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার এবং বন্ধুদের সামনে পারফর্ম করতে তেমন কষ্ট হয়নি। আমি এমন মুহূর্তের অপেক্ষা করছিলাম।”
