নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের জানুয়ারিতে বিরাট কোহলি আচমকাই ভারতের সাদা পোশাকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ফেব্রুয়ারিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে নতুন করে রোহিত শর্মাকে টেস্ট অধিনায়ক নির্বাচন করে।
তবে হুট করে রোহিতকে টেস্টের নেতৃত্ব তুলে দেয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি বলে মনে করেন যুবরাজ সিং। ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের মতে, বিসিসিআই এখানে আবেগের রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। কেননা রোহিতের সঙ্গে ইনজুরির সখ্যতা বেশ পুরোনো। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে গত দুই বছরে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তিনি। সামনে ভারতের যে ব্যস্ত সূচি রয়েছে তাতে করে রোহিতকে নিয়মিত না পাওয়া যাওয়ারও শঙ্কা রয়েছে।
রোহিতকে অধিনায়কত্ব দেয়ার সমালোচনা করে যুবরাজ বলেন,”আমি মনে করি, টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতকে নির্বাচিত করা আবেগী সিদ্ধান্ত ছিল। বোর্ড তাকে (রোহিত) ফিটনেস সাপেক্ষে অধিনায়ক নির্বাচিত করে। ফিটনেস সাপেক্ষে আপনি কাউকে টেস্ট অধিনায়ক করতে পারেন না। সে প্রচুর চোটে আক্রান্ত হয়। এই বয়সে তার শরীরের যত্ন নেয়া উচিত।”
ফিটনেস ইস্যুতে টেস্টে অধিনায়কত্ব করা রোহিতের জন্য খুব চাপ হবে বলে মনে করেন যুবরাজ।
তারকা এই অলরাউন্ডার বলেন,”মাত্র দুবছর ধরে সে টেস্টে ওপেনিং করা শুরু করেছে। সে ভালোই খেলছে। তাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে দিন। আশা করি, সে উপভোগ করবে। মাঠে ৫ দিন দাঁড়িয়ে থাকা সহজ কাজ নয়।”
