নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে পুরো এপ্রিল মাস জুড়ে ব্যাট হাতে রাঙিয়েছেন শান মাসুদ। ডার্বিশায়ারের হয়ে মাঠে নেমে এপ্রিল মাসে করেছেন ৭১৩ রান। তবুও মাস শেষে তিন রানের আক্ষেপ রয়ে গেছে পাকিস্তানের বাঁহাতি এই ওপেনারের।
সদ্য সমাপ্ত এপ্রিল মাসে চার ম্যাচে ৬টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাসুদ। এই ছয় ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরিসহ করেছেন তিনটি হাফ সেঞ্চুরি। কেবল শেষ ইনিংসেই হাফ সেঞ্চুরি পাননি তিনি।
গত শনিবার (৩০ এপ্রিল) ৪২ রান করে আউট হয়েছেন মাসুদ। অথচ এই ইনিংসে ৪৫ রান করতে পারলেই দারুণ এক রেকর্ড নিজের নামে করে নিতে পারতেন মাসুদ। কেননা সেই ইনিংসে আর তিন রান করতে পারলেই প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি গড়তে পারতেন মাসুদ।
শুধুমাত্র এপ্রিল মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিক কম্পটনের নামে। ২০১২ সালের কাউন্টি ক্রিকেটে এপ্রিল মাসে ৭১৫ রান আসে কম্পটনের ব্যাটে।
