নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা হয়নি পেসার আবু জায়েদ রাহীর। তার বাদ পড়া নিয়ে নির্বাচক নান্নু গতি বৈচিত্র্যের কথা বললেও রাহী বলছেন এখানে অন্য গল্প থাকতে পারে।
পরিসংখ্যান বলছে রাহীর এই ছোট টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে সফল মিরপুরেই। সর্বশেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। সবমিলিয়ে ১০ উইকেট। প্রধান নির্বাচক তাঁকে ১৬ সদস্যের দলে না রাখার যুক্তি দাঁড় করান পেস বিভাগে বৈচিত্র্যর কথা উল্লেখ করে।
নান্নু ববলেন,”রাহীর ব্যাপারটা হল- যেহেতু হোম কন্ডিশনে খেলা। ওকে সুইংয়ের দিক থেকে চিন্তা করি। রাজা এইচপি ট্রেনিংয়ে ভালো করেছে, ঘরোয়াতেও ভালো গতিতে বল করেছে। পেসে ভ্যারিয়েশনের জন্য একটু পরিবর্তন এনেছি।”
রাহী সুইং করাতে পারেন ভালো। যে কারণে গতি না থাকলেও উইকেট পেতেন। যদিও গতির উদাহরণ দিয়েই তাঁকে পরবর্তীতে একাদশে না রাখার কারণ দাঁড় করান প্রধান নির্বাচক। তবে এই পেসার মনে করছেন গতি নয়, এখানে গল্প রয়েছে।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহী বলেন,”মিরপুরে এই গতি দিয়েই সর্বশেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি আমি। আমার মনে হয় না গতি কোনো ইস্যু। এখানে অন্য কাহিনী থাকতে পারে। আমি এই গতি দিয়ে ১৩ ম্যাচে ৩০ উইকেট নিয়েছি। আমি জানি না গতির বিষয়টা হঠাৎ কোথায় থেকে এলো।”
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ওয়ানডে দল যখন প্রস্তুতি নিচ্ছিল তখন কেপটাউনে গ্যারি কারস্টেনের অ্যাকাডেমিতে নিজেদের প্রস্তুত করছিলেন টেস্ট দলের সদস্যরা। সেই ক্যাম্পে রাহীও ছিলেন। তাঁর বোলিং গতি কম হলেও, কোচ জানান সুইং করাতে পারলে কম গতি দিয়ে সফল হওয়া যায়।
তিনি বলেন,”এখনকার দিনে শুধু পেস দিয়ে কাজ হয় না, সুইংয়েরও প্রয়োজন রয়েছে। গ্যারি কারস্টেনের অ্যাকাডেমিতে কাজ করার সময় একজন পেস বোলিং কোচ আমাদের বলেছেন যেন, যদি ১৩০ কিমি গতি দিয়েও সুইং করাতে পারি তাহলে বাড়তি গতির প্রয়োজন নেই। এটিই ১৪০ কিমি গতির কাজ করতে পারে।”
