নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই বাড়তি রকমের চাপে আছেন বিরাট কোহলি। আর এই চাপের কারণে তার রান করতেও কষ্ট হচ্ছে এমনটা মনে করছেন শেন ওয়াটসন।
গেল বছর (২০২১) টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়া হয় তাকে। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেঙ্গালুরুর হয়ে আর অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপর ভারতের সাদা পোশাকের নেতৃত্বও ছেড়ে দেন কোহলি। ছয় মাস আগেও কোহলি ছিলেন ভারতের তিন সংস্করণ ও বেঙ্গালুরুর অধিনায়ক। বর্তমানে নেতৃত্বের কোনও চাপই নেই তার। এটাই তার অফ ফর্মের কারণ বলে মনে করেন সাবেক অজি অলরাউন্ডার ওয়াটসন।
তিনি বলেন,”অধিনায়কত্ব ছাড়ার পর মনে হচ্ছিল তার শক্তি একটু অন্যরকম হয়ে গেছে, একটু কমে গেছে। কোহলি যখনই ব্যাট করতে নামে, সে সবসময়ই খুব উত্তেজিত থাকে, সবসময় লড়াইয়ের মধ্যে থাকে। সে এতদিন যা করতে পেরেছে এবং এতদিন ধরে যা করে এসেছে তা এক কথায় অতিমানবীয়। যা-ই হোক না কেন, ভারতের অধিনায়কের পদ থেকে সরে যাওয়া তার ওপর প্রভাব ফেলেছে। কোনো না কোনোভাবে এটা তার মানসিকতার ওপর চাপ ফেলেছে। কোহলির মধ্যে একটু শক্তির একটু অভাব আছে এখন। আমি নিশ্চিত সে ছন্দ খুঁজে পাবে।”
