নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জৈব সুরক্ষা বলয়ের কঠিন কড়াকড়ির কথা বলে টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার আগ্রহ না থাকায় টেস্টের চুক্তিতে রাখা হয়নি পরপর দুই বছর। তবে এখন তাকে আবারও টেস্টে ফেরাতে চায় বিসিবি।
যদিও এই মুহুর্তে মুস্তাফিজের টেস্টে ফেরার আগ্রহ নেই। নিজেকে ফিট রাখতে ও ক্যারিয়ার লম্বা করতে বেছে বেছে খেলার পক্ষে এই তারকা পেসার। গতকাল শুক্রবার (২২ এপ্রিল) আইসিসির ওয়েবসাইটে মুস্তাফিজকে নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশি গণমাধ্যম আজকের পত্রিকার উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, মুস্তাফিজ এ মুহূর্তে টেস্ট খেলতে আগ্রহী নন।
তিনি বলেন,”টেস্ট খেলতে চাই কি চাই না, এটা যদি ক্রিকেট বোর্ড আমার কাছে জানতে চায়, সেখানেই নিজের ভাবনা জানাব। সাধারণত দেখি আমার সিনিয়র ভাইয়েরা বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে থাকেন। আমিও সভাপতির সঙ্গে কথা বলব। যদিও তিনি আমার ব্যাপারটা ভালো করেই জানেন। বিসিবি এ ব্যাপারে আমাকে কখনো জোর করেনি। বিসিবির বর্তমান লাল বলের চুক্তিতেও আমি নেই।”
মুস্তাফিজের কাছে সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যেন বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিতে পারেন এজন্য টেস্ট ক্রিকেট নিয়ে ভাবতে নারাজ তিনি। কোন ভিত্তিতে ফরম্যাট বেছে নিয়েছেন, খোলাসা করেছেন সেই বিষয়টিও।
মুস্তাফিজ বলেন,”সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। আমি যদি লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দিতে চাই, তাহলে আমার ফিট থাকা জরুরি। আর ফিট থাকতে হলে তিন সংস্করণের মধ্যে বেছে খেলাটাই সেরা উপায় মনে করি। এ ক্ষেত্রে কোন বলে আমার সাফল্য তুলনামূলক বেশি, সেটা দেখে সংস্করণ বাছাই করছি।রেকর্ড বলে, আমার সাফল্য বেশি ওয়ানডে আর টি-টোয়েন্টিতে। সে হিসেবে এই দুই সংস্করণে বেশি মনোযোগ দিচ্ছি। আর বিশ্ব ক্রিকেটের অনেককেই দেখুন, ক্যারিয়ার লম্বা করতে সংস্করণ বেছে খেলছে। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভর করে কোনো দলও হয় না।”
