দেশকে বিপদে রেখে লঙ্কানরা আইপিএলে খেলায় ক্ষিপ্ত রানাতুঙ্গা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুদিন আগে আর্থিক সংকটে দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এমন কঠিন পরিস্থিতিতেও লঙ্কান ক্রিকেটাররা আইপিএল খেলে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

এবারের আইপিএলে কোচ-ম্যানেজমেন্টের ভূমিকায় আছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গার মত কিংবদন্তিরা। মাঠে খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ভানুকা রাজাপক্ষে, দুশমন্থ চামিরারা। সাঙ্গাকারাদের নিয়ে রানাতুঙ্গা কিছু না বললেও হাসারাঙ্গাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রানাতুঙ্গা বলেন,”দেশের এই শোচনীয় অবস্থার মধ্যে আমাদের কয়েকজন ক্রিকেটার দিব্যি আইপিএল খেলছে। এটা কী করে সম্ভব আমি বুঝতে পারছি না। তারা একবারও দেশের কথা বলছে না। সরকারের বিরুদ্ধে যেতে ওরা ভয় পাচ্ছে।”

তিনি মনে করছেন, সরকারের বিরুদ্ধে কথা বললে বোর্ডের রোষানলে পড়ার ভয় কাজ করছে ক্রিকেটারদের। রানাতুঙ্গা তাই আহ্বান জানিয়েছেন, আইপিএল ফেলে ক্রিকেটাররা যেন দেশের হয়ে আন্দোলনে নামেন।

তিনি বলেন,”যখন কিছু ভুল হচ্ছে, তখন আপনার নিজের লাভের কথা চিন্তা না করেই ভুলের বিরুদ্ধে কথা বলার সাহস থাকা উচিত। আমি নিশ্চিত, আপনারা সবাই জানেন এই খেলোয়াড়রা কারা। তারা এখন আইপিএলে খেলছেন। আমি কারও নাম উল্লেখ করতে চাই না, তবে আমি চাই তারা যেন এক সপ্তাহের জন্য তাদের খেলা ছেড়ে বিক্ষোভের সমর্থনে আসে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »