নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এ বছরের জন্য নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ট্রেন্ট বোল্ট। তিন দিন ব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের প্রথম দিনে ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। যেখানে স্বীকৃতি পেয়েছেন কিউই তারকা এই পেসার।
এই পুরষ্কার জিততে পেরে আনন্দিতবোধ করছেন বোল্ট। দেশের বর্ষসেরা ক্রিকেটার হওয়াটা তার জন্য গর্বের এবং এটা তাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে আরও ভালো কিছু করার, পুরষ্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি।
এক ভিডিও বার্তায় বোল্ট বলেন,”টি-টোয়েন্টি এমন একটি সংস্করণ যা আমি সত্যিই উপভোগ করি আরও ভালো বোলার হওয়ার জন্য আমি ক্রমাগত আমার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। এই পুরষ্কারটি জিততে পারাটা বিশেষ কিছু এবং এটি পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞতা বোধ করছি।”
মূলত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কারস্বরূপ এই স্বীকৃতি পেয়েছেন বোল্ট। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বলা হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি পেসার।
