লিটন, তাসকিন, মিরাজও এখন সিনিয়র ক্রিকেটার : মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দেশের সিনিয়র ক্রিকেটার বলতে এখনও ধরা হয় পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ ক্রিকেটারকে। যদিও মাশরাফি বিন মুর্তজা এখন জাতীয় দলে নেই, আছেন বাকি চার সদস্য। পারফরম্যান্স আর দলকে জিতিয়ে মাঠ ছাড়ার দিকে এখনও তাদের দিকে তাকিয়ে থাকে।

তবে মাশরাফি মনে করেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও এখন সিনিয়রের কাতারে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের মত অভিজ্ঞ ক্রিকেটাররা।

অভিজ্ঞ ও পারফর্মাররা ভালো করলে এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে বলে মনে করেন মাশরাফি।

তিনি বলেন,”সিনিয়র খেলোয়াড় বলতে ৪ জনকে বুঝায়। আমি মনে করি লিটন, তাসকিন, মিরাজ এরাও এখন সিনিয়র খেলোয়াড়। ৭-৮ বছর খেলেছে এমন যে সিনিয়ররা আছে, ওদের এখন পারফর্ম করার সময়। তারা পারফর্ম করছেও। এই ফর্ম নিয়ে যেতে পারলে ভালো হবে। টেস্ট বলুন, ওয়ানডে বলুন- যেখানেই হোক পারফর্ম করলে ভালো করার আত্মবিশ্বাস থাকে। ওরা পারফর্ম করছে, এই আত্মবিশ্বাস বিশ্বকাপে ধরে রাখলে আশা করি ভালো কিছু হবে।”

অস্ট্রেলিয়ার উইকেটে রান ফোয়ারা দেখা যায় হরহামেশাই। বিশ্বকাপেও এর ব্যতিক্রম হবে না। তবে মাশরাফি মনে করেন, সেখানেও বাংলাদেশের বোলারদের আছে অপেক্ষাকৃত কম পুঁজি নিয়ে ম্যাচ জেতানোর সামর্থ্য।

তিনি বলেন,”অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট উইকেট হবে, ওখানে প্রচুর রান হওয়ার সম্ভাবনা আছে। আমাদের রান করতে হবে। আমার মনে হয় ডিফেন্ড করার মতো বোলিং ইউনিট আমাদের আছে। খুব ভালো পেস বোলিং ইউনিট আছে; সাথে সাকিব, মিরাজ দারুণ বোলিং করছে। হয়তো টি-টোয়েন্টিতে শেখ মেহেদীর খেলার সুযোগ বেশি থাকবে। কিন্তু যে-ই খেলুক দুজনেই ভালো বোলিং করছে।সবচেয়ে ভালো ব্যাপার হল পেস বোলিং ইউনিটটা এখন খুব সুন্দর। সাইফউদ্দিন এখন দলের বাইরে, তাও দারুণ বোলিং সেটআপ। ব্যাটিং যদি আমরা ভালো করি, আমার মনে হয় খুব ভালো চান্স থাকবে। অন্যরা ১৮০-১৯০ রান করলে আমরা হয়ত ১৭০-৭৫ করলেও ভালো করতে পারব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »