নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বজুড়ে অনুষ্ঠিত হওয়া যেসব ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলকে ছাড়িয়ে যাওয়া যেকোনো লিগের জন্যই কষ্টসাধ্য। রশিদ খান সেই কথাই মনে করিয়ে দিলেন।
আইপিএলের পাশাপাশি বিগ ব্যাশ লিগ (বিবিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অন্যান্য লিগেও খেলেছেন রশিদ। তবে মানের দিক থেকে আইপিএলকেই সবচেয়ে এগিয়ে রাখছেন আফগানিস্তানের এই ক্রিকেটার। তার মতে, আইপিএলে প্রতিপক্ষের প্রতি শতভাগ মনোযোগ দিয়েই মনোনিবেশ করা লাগে। আইপিএলের আসরগুলোতে আয়েশের সুযোগ নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
রশিদ বলেন,”আমি বিশ্বজুড়ে খেলেছি। কিন্তু যখনই আইপিএল খেলতে আসি, বাড়তি ধরনের একটি চাপ অনুভূত হয়। খেলোয়াড় হিসেবে যখন আপনি আইপিএল খেলবেন, তখন দেখবেন সব দলই অনেক কঠিন। ব্যাটারকে মোকাবেলা করা তখন কষ্টসাধ্য।আইপিএলের মান এটাই। আপনি এখানে সহজ ম্যাচ খুব একটা পাবেন না। আইপিএলে আয়েশ করার সুযোগ নেই। আপনাকে শতভাগ মনোযোগের সঙ্গে খেলতে হবে। প্রতিপক্ষের প্রতি আপনার পুরোপুরি মনোযোগ থাকতে হবে। আইপিএলের জন্যে আপনাকে বাড়তিভাবে প্রস্তুতিও নিতে হবে।”
