নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন ওডেন স্মিথ। মাত্র ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে কেউ কেউ তুলনা করেন অলরাউন্ডার কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর সাথে। যদিও নিজ পরিচয়েই পরিচিত হয়ে বড় হতে চান স্মিথ।
বেঙ্গালুরুর বিপক্ষে ৮ বলে অপরাজিত ২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন স্মিথ। এমন ইনিংসে বেঙ্গালুরুর ছুঁড়ে দেয়া ২০৬ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই অতিক্রম করে পাঞ্জাব কিংস। সেই ম্যাচের পর থেকেই পোলার্ড এবং ব্রাভোর মতো বড় মাপের দুই অলরাউন্ডারের সাথে তুলনা করা হচ্ছে স্মিথকে। যদিও স্মিথ চান, নিজের স্বকীয়তায় প্রতিষ্ঠিত হতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মিথ বলেন,”আপনি জানেন, আমি পোলার্ড বা ব্রাভো নয়। আমি শুধুমাত্র ওডেন স্মিথ হতে পারি। তাই আমি চেষ্টা করব নিজের সেরাটা দিতে। দেখা যাক, আমি কতদূর যেতে পারি। তবে আমি মনে করি, আন্দ্রে রাসেলের খেলা আমি বেশ পছন্দ করি।এটা ভালো অনুভূতি। আমি খুবই খুশি কেননা আমি প্রথম জয়ে অবদান রাখতে পারছি। যদিও অনেক ব্যাপারে আমার কাজ করার বাকি। বিশেষ করে বোলিংয়ে। কেননা আমি নিজেকে বোলিং অলরাউন্ডার ভাবতে পছন্দ করি।”
