নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ টেস্ট দলের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাটিংয়ে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ভারনন ফিল্যান্ডার। সাবেক প্রোটিয়া এই তারকা মনে করেন, জয় বিস্ময়কর এক প্রতিভা।
মাত্র ২১ বছর বয়সী জয় নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ দৃঢ়তা দেখিয়ে চলেছেন। চোটের কারণে নিউজিল্যান্ডে একটি ম্যাচ হাতছাড়া হয় তার। এরপর খেলতে নেমেছেন ডারবানে, যেখানে তার ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি।
প্রথম অর্ধশতকের মত ক্যারিয়ারের প্রথম শতকও তুলে নিয়েছেন বিদেশের মাটিতে। সতীর্থদের ব্যর্থতার বিপরীতে দাঁড়িয়ে খেলছেন সাবলীলভাবে।
তাই সাবেক প্রোটিয়া পেস বোলিং অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার মনে করেন, জয়ের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।
ডারবান টেস্ট দেখার ফাঁকে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন,”সে অনেক মেধাবী। কঠিন কন্ডিশন, অনেক ব্যাটার সাজঘরে, এমন পরিস্থিতিতে দৃঢ় মানসিকতার পরিচয় দিচ্ছে। সে বিস্ময়কর প্রতিভা। এখন মাত্র ২১ বছর বয়স, আমি মনে করি তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।”
