নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। যদিও সাকিবকে পাওয়া যাবে না দ্বিতীয় ও শেষ টেস্টেও, এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পর সাকিব জানতে পারেন- তার মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সাকিব প্রথম ওয়ানডের পরও দেশে ফেরেননি। এমনকি দ্বিতীয় ওয়ানডের পরও দলের সাথে ছিলেন শেষ ম্যাচের জন্য। সিরিজ নির্ধারণী ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ঐতিহাসিক জয়সূচক রান। এরপর ফেরেন দেশে। তার পরিবারের সদস্যরা সেরে উঠলে দ্বিতীয় টেস্ট খেলতে আবারও দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল।
তবে পারিবারিক কাজে সাকিবকে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ কারণে দ্বিতীয় টেস্টেও অংশ নেওয়া হচ্ছে না তারকা অলরাউন্ডারের।
