প্রোটিয়াদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চায় বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডারবানে প্রথম দিনের শুরু ও শেষের বিড়ম্বনায় দিনের ১৩.১ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। মাঝের সময়টায় দারুণ লড়াই চলেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবং বাংলাদেশের বোলারদের মাঝে। প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান। দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য রয়েছে ৩২০ এর মধ্যে প্রোটিয়াদের অলআউট করা এমনটাই বলেছেন রাসেল ডমিঙ্গো।

ডারবানের কিংসমিডে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে বিনা উইকেটে ৯৫ রান তুলে তারা। তবে মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৩৩ রানে ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। দলের এমন পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন ডমিঙ্গো। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন দ্বিতীয় দিনে দলের লক্ষ্যের কথা।

বাংলাদেশের প্রধান কোচ বলেন,”পরিসংখ্যান দেখাচ্ছে কিংসমিডে প্রথম দিনে গড় রান ৫ উইকেটে ২৪০, তো এটা (বেশি) রানের মাঠ নয়। ওদের ৩০০-৩২০ রানের মধ্যে থামাতে পারলে আমরা ভালোভাবেই লড়াইয়ে থাকব।”

প্রথম সেশনে খাপছাড়া বোলিং করার পর দ্বিতীয় ও তৃতীয় সেশনে তুলনামূলক ভালো বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। তবে ডমিঙ্গো মনে করেন, দিনের প্রথম সেশনে বোলারদের আরও বেশি মনযোগী হতে হবে।

তিনি বলেন,”আমি মনে করি, শেষ সেশনে আমরা বেশ আঁটসাঁট বোলিং করেছি। যদি নতুন বলে একটা কিংবা দুইটা উইকেট নিতে পারতাম খুব ভালো হতো। আমাদের যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। সকালে ধারাবাহিক হতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »