নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডারবানে গতকাল শুরু হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। তবে সাইট স্ক্রিনের ত্রুটির কারণে টেস্টের প্রথম দিনই খেলা শুরু হয়েছে ৩২ মিনিট দেরিতে।
এই বিলম্ব আর শেষদিকের আলোকস্বল্পতায় নির্ধারিত ৯০ ওভার খেলা হয়নি। তারচেয়েও বড় কথা, যে উদ্দেশে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছিল, তা পূরণ না হওয়ার পেছনে দায় আছে সাইট স্ক্রিনের জটিলতার।
দিনের খেলা শেষে তাই ক্ষোভ প্রকাশ করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
তিনি বলেন,”এটা ভালো কিছু ছিল না। দশটায় শুরু হওয়া আর সাড়ে দশটায় শুরু হওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আধা ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ার পর আমরা শুরুটা ভালো করতে পারিনি। প্রথম সেশনে আমরা গড়পড়তা মানের বোলিং করেছি।”
ম্যাচ শুরুর নিদিষ্ট সময়ে মাঠে নেমেও ফের ড্রেসিংরুমে ফিরে যেতে হয় বাংলাদেশকে। তিনি বলেন,”তবে লাঞ্চ বিরতির পর ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা ২৩৩ রান জড়ো করেছে। কাল সকালে দুটি উইকেট তুলে নিতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব। তবে হ্যাঁ, আধাঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়াটা যেকোনো দলের জন্যই হতাশাজনক হবে।”
প্রোটিয়া ব্যাটার রিয়ান রিকেলটন অবশ্য বলছেন, খেলা শুরু হতে দেরি হওয়ায় দক্ষিণ আফ্রিকারই বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল।
তিনি বলেন,”দেরি হওয়া ব্যাটারদের জন্যই বেশি ভোগান্তির। এ সময় মানসিক প্রস্তুতি নেওয়া হয়। খেলা শুরু হতে দেরি হলে অতিরিক্ত মানসিক শক্তি ক্ষয় হয়। এটা আমাদের সমস্যা সৃষ্টি করেনি, তাই ভাগ্যবান বলতে হবে। ডিন এলগার।”
