নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়ার অন্যতম আরেক শক্তিশালী টেস্ট খেলুড়ে দল আফগানিস্তান। আর এ দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রাহাম থর্প। এর আগে তিনি ইংল্যান্ডের সহকারী কোচের ভূমিকায় ছিলেন। যদিও অ্যাশেজে ইংলিশদের ভরাডুবির পর চাকরি হারান থর্প।
এর আগে বাংলাদেশ সফরে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট ল। তবে সেটা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাথে ল এর চুক্তির সময় গুঞ্জন ছিল, তিনিই পাকাপাকিভাবে বসবেন প্রধান কোচের আসনে।
তবে শেষপর্যন্ত ল নন, রশিদ-নবীদের প্রধান কোচ হয়েছেন থর্প। বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়,”আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক ইংলিশ মিডল অর্ডার ব্যাটার গ্রাহাম থর্প। আফগানিস্তানের আসন্ন আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।”
