টেস্ট সিরিজেও বাংলাদেশকে আন্ডারডগ মানছেন ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে আন্ডারডগ হিসেবে দেখেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। যদিও সিরিজ শেষে টাইগাররা দাপট দেখিয়ে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। টেস্ট সিরিজের আগেও নিজেদের আন্ডারডগ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

টেস্টে অবশ্য এখনও দক্ষিণ আফ্রিকায় কোনো জয় নেই টাইগারদের। দক্ষিণ আফ্রিকা যে সহজ প্রতিপক্ষ হবে না, গণমাধ্যমের সাথে আলাপকালে বারবার সে কথা মনে করিয়ে দিলেন ডমিঙ্গো।

তিনি বলেন,”ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দিব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।”

ওয়ানডে সিরিজের সাফল্য প্রেরণা যোগালেও টেস্টে খেলতে হবে ভিন্ন মানসিকতা ও প্রস্তুতি নিয়ে।

বিষয়টি উল্লেখ করে ডমিঙ্গো বলেন,”ওয়ানডে জিতলেও টেস্ট ভিন্ন ফরম্যাট। ওয়ানডে সিরিজ থেকে ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে। তবে এটা এমন এক ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির প্রয়োজন আছে। খুবই কঠিন একটি সিরিজ হবে বলে আমরা মনে করছি। নিউজিল্যান্ডে আমরা সিরিজ ড্র করেছি। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে অনেক কঠিন প্রতিপক্ষ।তবে আমাদের ছেলেরা এখন ভালো খেলছে, টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়ত এতটা ভালো নয়, তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে এবং সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নিব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।”

আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার প্রথম সারির কয়েকজন বোলার নেই এই সিরিজে। এতে বাংলাদেশের সুবিধা দেখছেন প্রধান কোচ। তবে দক্ষিণ আফ্রিকা বলে তাদের হালকাভাবে নিতে নারাজ এই কোচ।

তিনি বলেন,”তাদের বোলার ভালো আছে, ব্যাটিংয়ে গভীরতা আছে। অনভিজ্ঞ বোলিং অ্যাটাক থাকায় একটু সুবিধা পাব, তারা চাপে থাকবে। দলে জায়গা ধরে রাখার জন্যও খেলবে। এটা আমাদের জন্য বোনাস। তবে এটা নিয়ে বেশি মাতামাতি চাচ্ছি না। দিনশেষে তারা দক্ষিণ আফ্রিকান। যাদের দুর্দান্ত রেকর্ড আছে। তাই মূল বোলাররা না থাকলেও তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ থাকবে। ক্রিকেট রকেট সাইন্স না। আপনাকে সব বিভাগেই ভালো করতে হবে। একটি খারাপ সেশনে ৬-৭ উইকেট হারালে, দেড়শ রান দিয়ে দিলে ম্যাচ ফসকে যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »