নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ডারবান টেস্টে ভালো করতে হলে শুরুতেই ভালো করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। বাশার মনে করেন, আগে ব্যাটিং কিংবা বোলিং যা-ই করা হোক, ম্যাচে টিকে থাকতে ভালো শুরু করা গুরুত্বপূর্ণ।
ডারবানের উইকেটে নতুন বল ভালোভাবে সামলাতে পারলে ব্যাটাররা প্রথম ইনিংসে বড় পুঁজি দাঁড় করানোর সুযোগ পাবেন। একইভাবে বোলাররা নতুন বলে দ্রুত উইকেট তুলে নিলে প্রতিপক্ষকে রুখে দেওয়া সহজ হবে।
বাশার তাই প্রথম ইনিংসেই বেশি জোর দিচ্ছেন। তিনি বলেন,”আগে ব্যাটিং করলে টপ অর্ডারের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজের মত এখানেও নতুন বল সামলানো খুব তাৎপর্যপূর্ণ। নতুন বলে উইকেট না হারালে পরের দিকে রান করা সহজ হয়ে যাবে। তাই শুরুর ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ। আগে যদি বোলিং করি, একইভাবে শুরুতে উইকেট নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এমন উইকেটে ব্যাটাররা উইকেটে সেট হয়ে গেলে বড় রান করা সহজ হয়ে যায়। তাই আগে বোলিং করি বা ব্যাটিং- প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ।”
এই টেস্টের আগে বাশারকে আশাবাদী করছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। স্পিনে সহায়তা থাক বা না থাক, পেসাররা এই ম্যাচে দাপট দেখাবেন বলে বিশ্বাস বাশারের।
বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্মের পেছনে পেসারদের অবদান স্বীকার করে তিনি বলেন,”আমাদের পেস বোলিং অনেক বদলে গেছে। তিন পেসারই ১৪০ কিলোমিটার গতিতে বল করছে এটা আমরা খুব বেশি দেখিনি। তারা যথেষ্ট বাউন্সও আদায় করে নিতে পারবে। যার জন্য আমাদের সাফল্য ইদানীং বেড়েছে, ফাস্ট বোলারদের নেওয়ার কারণে।আমাদের স্পিনাররা সবসময়ই ভালো। তবে ফাস্ট বোলাররাও এখন উইকেট নিচ্ছে। আমাদের সাম্প্রতিক সাফল্যের পেছনে এটাই বড় কারণ। আমি আশাবাদী, এখানেও তারা সামর্থ্যের সবটুকু প্রমাণ করতে পারবে। কন্ডিশন যেহেতু কঠিন, ফাস্ট বোলারদের ভালো করা জরুরী।”
