নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সফরত দলে জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা আছে খুব কম ক্রিকেটারেরই। তবে বয়সভিত্তিক দলের হয়ে প্রোটিয়া সফরের অভিজ্ঞতা আছে, এমন একজন হলেন নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় স্মরণীয় এক সফর কাটানো শান্ত এবার তার পুনরাবৃত্তি ঘটাতে চান।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এসে যুব দল ওয়ানডে সিরিজ জিতেছিল ৫-২ ব্যবধানে। সেই সিরিজের বেশিরভাগ ম্যাচ ছিল ডারবানে, যেখানে অনুষ্ঠিত হবে এবারের প্রথম টেস্ট। ৭ বছর পর কিংসমিডে ফিরে শান্ত স্মৃতিচারণ করলেন পুরনো দিনগুলোর।
তিনি বলেন,”অনেক ভালো লাগছে। প্রায় ৬-৭ বছর আগে এসেছিলাম। তখনও ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছি প্রায় সবগুলো ম্যাচই আমরা জিতেছি। ওদের দলে বেশ কয়েকটা রাগবি খেলোয়াড় ছিল। তারা ব্যাটিংয়ে নামলে আমরা বুঝতাম না ক্রিকেট খেলতে নেমেছে না রাগবি খেলতে নেমেছে। এরকম মজার অনেক মুহূর্ত ছিল। দিনশেষে আমরা পরিবেশটা উপভোগ করেছি, ভালো ক্রিকেট খেলেছি। অনেক কিছু শিখতেও পেরেছি। অনেক ভালো সময় কেটেছে।”
যুব দলের হয়ে সেই সফরে একটি অর্ধশতক ছিল শান্তর। ডারবানে ফের মাঠে নামার আগে যা প্রেরণা যোগাচ্ছে তাকে।
তিনি বলেন,”ঐ সময় ব্যাটিং ভালো করেছিলাম। ২-৩টা বড় স্কোর ছিল। ঐ আত্মবিশ্বাস আছে। এবার আবার সুযোগ আসলে ঐ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব, আশা করছি ভালো কিছুই হবে।”
