বাংলাদেশ আর আগের মতো নেইঃ এলগার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে হেরেছে দক্ষিণ আফ্রিকা দল। সেই সুখস্মৃতি মাথায় নিয়েই এবার টেস্ট সিরিজেও প্রোটিয়াদের হারাতে তৈরি হচ্ছে মুমিনুল হকের দল।

সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগারও মনে করেন যে বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। বাংলাদেশ দল আর আগের মতো নেই বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।

এলগার বলেছেন,”আমরা জানি বাংলাদেশ এখন আর আগের মতো দল নেই। এই নতুন দলটি পশ্চিমা কোচদের নিয়ে পরিপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় কীভাবে খেলতে হবে সেই ব্যাপারে অবশ্যই দলটির মানসিকতা বদলে দিয়েছে। একটি ভালো প্রতিযোগীতা হতে চলেছে।”

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে এক ঝাঁক ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলের জন্য এই সিরিজে নেই কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা ও এনরিক নরকিয়ার মতো তারকারা। তবে যে ক্রিকেটাররা আছেন তাদের নিয়েই সেরা দল সাজাতে আশাবাদী প্রোটিয়া অধিনায়ক।

এ প্রসঙ্গে এলগার বলেন,”তারা এখানে আমাদের সাথে নেই এবং পরবর্তী সেরা যারা আছে তাদের নিয়েই আমাদের দল সাজাতে হবে। আমি এখনও বেশ আত্মবিশ্বাসী। আমাদের অনেক টেস্ট ক্রিকেটার নেই তবে যারা সুযোগ পাচ্ছে এটা তাদের সেরা সুযোগ। সেই সঙ্গে দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও চাপে ফেলার সুযোগ রয়েছে তাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »