ইনজুরিতে মার্শ, খেলবেন না ওয়ানডে সিরিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলে চোট পাওয়া ক্রিকেটারদের তালিকা লম্বা হচ্ছে। দুদিন আগে চোটের কারণে ছিটকে যান স্টিভ স্মিথ। এবার চোটে পড়ে এই সিরিজ থেকেই ছিটকে গেলেন মিচেল মার্শ। এর আগে একই কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন পেসার কেন রিচার্ডসন।

সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগেরদিন অনুশীলনের সময় চোটে পড়েন তিনি। এ কারণে তাকে ছাড়াই মাঠে নামবে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ কারণে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলবেন না তিন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলেউড। এছাড়াও থাকবেন না ওপেনার ডেভিড ওয়ার্নার।

মার্শের চোট প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘সে তার হিপ-ফ্লেক্সরে চোট পেয়েছে, আমরা মনে করছি ট্রেনিংয়ে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চোটটা কেমন। কিন্তু আমি মনে করি না এই সিরিজে সে থাকবে, গতকাল তার অবস্থা দেখেই এই কথা বলছি।’

মার্শের চোটে উদ্বেগ বাড়লো দিল্লি ক্যাপিটালসের। ৬ এপ্রিল থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার কথা তার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »