বাবরদের সাহস নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব আখতার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। প্রথম দুই টেস্ট ড্র হলেও লাহোরে তৃতীয় টেস্টে জয় পেয়েছেন অজিরা।

সিরিজে হারের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছেন পাক কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। বাবর আজমদের সাহস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শোয়েবের বক্তব্য, জেতার কোনো ইচ্ছা ছিল না পাকিস্তানের। তারা চেয়েছিল ড্র করতে।

সিরিজ শেষে শোয়েব আখতার বলেন, খুব হতাশাজনক সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্টের মানসিকতা খুবই নেতিবাচক। ওরা চেয়েছিল সিরিজ ড্র করতে। নিজেরাও জিতবে না। অস্ট্রেলিয়াকেও জিততে দেবে না। তাই এই ধরনের উইকেট বানিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না।

পাকিস্তান দল ও ম্যানেজমেন্টের সাহসের অভাব ছিল বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, যখন কারও সাহস থাকে না তখন সে পালানোর চেষ্টা করে। সেটাই হয়েছে। ২৪ বছর পরে অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলতে এসেছে। ওরা আশা করেছিল ভাল উইকেট হবে। কিন্তু পিসিবি তার ঠিক উল্টে করল। দল ও ম্যানেজমেন্টের অন্তত বলা উচিত ছিল যে ভালো উইকেট বানাও। কিন্তু এ দেশে সেটা হচ্ছে না।

এদিকে পাকিস্তানের তুমুল সমালোচনা করলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রশংসা করেছেন পাক কিংবদন্তি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য আমি খুব খুশি। এটা ওদের ঘরের মাঠ নয়। ২৪ বছর পরে ওরা খেলতে এসেছে। এখানে এসে হতাশাজনক পিচ পেয়েছে। তার পরেও কামিন্স ও স্টার্ক যেভাবে রিভার্স সুইং পেয়েছে, লায়ন যেভাবে বল করেছে তাতে ওদের প্রশংসা করতেই হবে। ওরা পাকিস্তানের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »