নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষবারের মেগা নিলাম থেকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। দলে নেওয়ার পরেই এই ব্যাটারকে দলটির অধিনায়কত্বও দিয়েছে কলকাতা। আইয়ারের হাত ধরেই দলটি শিরোপা জিতবে, বিশ্বাস দলটির পেসার উমেশ যাদবের।
অধিনায়কত্ব হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল শুরু করা এই ব্যাটার শুরু থেকেই নজরকাড়া নেতৃত্ব দিয়েছেন। এখনও শিরোপা না জিতলেও তার সেই সক্ষমতা আছে বলেই বিশ্বাস ক্রীড়া বিশ্লেষকদের। এমন বিশ্বাস আছে উমেশেরও।
তিনি বলেন,”আমি নিশ্চিত শ্রেয়াস কেকেআরকে শিরোপা জেতাবে। আমরা শক্তিশালী একটি স্কোয়াড বানিয়েছি। ২০১৪ সালে আমি যখন কেকেআরে খেলেছি, তখনও শিরোপা জিতেছিলাম।”
আইপিএলের এবারের আসরের মেগা নিলাম থেকে দুই কোটি ভিত্তিমূল্যে উমেশকে দলে ভেড়ায় কলকাতা। ২০১৭ সালের পর আবারও কলকাতায় ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত উমেশ।
তিনি আরও বলেন,”শেষবারের নিলামে যখন আমার নাম নেয়া হয়, তখন আমি অবিক্রীত ছিলাম। দ্বিতীয়বার যখন নিলামে তুলল, তখনও অবিক্রীত ছিলাম। তৃতীয়বারে আমাকে কেকেআর দলে নিলো। কেকেআরের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে দলে নেয়ার জন্য এবং বিশ্বাস করার জন্য। ২০১৪ থেকে ২০১৭ সালের আইপিএল পর্যন্ত আমি কেকেআরে খেলেছি। তাদের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক।”
