নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ কয়েক সিরিজ জুড়ে ফর্মের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের পেসাররা। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে টাইগারদের পেস বোলিং ইউনিট সমীহ জাগানিয়া। পেস বান্ধব কন্ডিশনের সাথে দেশেও এখন তারা পাচ্ছেন সাফল্যের দেখা।
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্য এসেছে পেসারদের হাত ধরে। হোম সিরিজগুলোতেও এখন পেসাররা পান বাড়তি গুরুত্ব, পারফরম্যান্সের দিচ্ছেন সেই আস্থার প্রতিদান। তবুও বিদেশের মাটিতে পেসাররা যেমন সফল, দেশে তেমন দফল নন- এক গণমাধ্যমকর্মীর এমন বক্তব্য ছিল সাকিব আল হাসানের প্রতি। তাতে মেজাজ হারিয়ে সাকিব জানালেন, বাংলাদেশের পেসাররা এখন বাংলাদেশেও সফল। গণমাধ্যমের সাথে আলাপকালে পেসারদের দেশের মাটিতে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললে নাখোশ হন তিনি।
তিনি বলেন,”আমার ধারণা আপনি বোধহয় পরিসংখ্যান দেখেন না কিংবা জানেনও না কী হয় খেলায়। খেলা সম্পর্কে আইডিয়াটাও একটু কম আছে। আপনি পেস বোলারদের পরিসংখ্যান দেখেন তারপর এটা নিয়ে বলতে আইসেন। দেশের মাটিতে গত ১-২-৩ বছরে আমাদের পেস বোলাররা কত ভালো করেছে। হোমে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সম্ভবত মুস্তাফিজের। এরকম একজন বোলার আছে। তাসকিন ভালো করছে, শরিফুল ভালো করছে, সাইফউদ্দিন যখন খেলেছে ভালো করেছে। যে যখন সুযোগ পেয়েছে সবাই ভালো বোলিং করছে। জানি না আপনি কোন জায়গা থেকে এটা বলেছেন। গত সিরিজেও তো স্পিনারদের চেয়ে পেসাররা বেশি উইকেট পেয়েছে।”
