নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের এমন অবিশ্বাস্য অর্জনে সারা দেশে আনন্দে আত্মহারা। প্রথম বার দক্ষিণ আফ্রিকায় ওদের বিপক্ষে জয়, প্রথমবার সিরিজ জয়। অসম্ভবকেই যেন সম্ভব করে তুললেন তামিম-সাকিব-তাসকিনরা।
আর এমন জয়ে ক্রিকেটারদের জন্য বড়সড় অংকের পুরষ্কার ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের সাথে সরাসরি ফোনে কথা বলার সময় তাদের জন্য ৩ কোটি টাকার পুরষ্কার ঘোষণা করেন তিনি।
তাকে ক্রিকেটারদের সাথে কথা বলিয়ে দেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য’ বলেন জালাল ইউনুস।
জালাল ইউনুস আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সভাপতি সবাই অভিনন্দন জানিয়েছেন। সবাই দারুণ খু্শি ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না’ যোগ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরের আগ পর্যন্ত তাদের মাটিতে তাদের বিপক্ষে কোন ফরম্যাটই কোন জয় ছিল না টাইগারদের। আর এবার প্রথম ম্যাচ জয়ের সাথে সাথে প্রথম সিরিজও জিতে নিল তামিম ইকবালের দল।
প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জয়ের পর ২য় ম্যাচে টাইগাররা হারে ৭ উইকেটে। আজ ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে অবিস্মরণীয় কির্তী গড়লেন টাইগাররা। সিরিজ নির্ধারণে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন আহমেদ। পুরো সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন এই ডানহাতি পেস বোলার।
