‘জিততেই হবে’, এমন ভাবনা নেইঃ মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইতিহাস গড়ার হাতছানি সামলে টাইগাররা শেষ ম্যাচে নজর দিচ্ছে ভালো খেলার দিকে, ফলাফলের দিকে নয়।

ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানান, সিরিজ জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে দল মুখিয়ে আছে। তবে জয়ের এই ভাবনা দলের ওপর যেন কোনো চাপ না ফেলে, তাই ‘জিততেই হবে’- এমন চাপ নেই।

মিরাজ বলেন,”দেশের বাইরে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এরকম কন্ডিশনে সিরিজ জেতা হয়নি। এখানে জিততে পারলে দলের অবস্থান আরও ওপরে যাবে, বড় দল আমাদের নিয়ে চিন্তা করবে। আমরা ভালো ক্রিকেট খেলব। ফলাফল তো হাতে নেই। এখনই ফল নিয়ে ভাবলে কঠিন হয়ে যাবে। ম্যাচ জিততেই হবে এরকম না। নিজেদের সামর্থ্য অনুযায়ী যেন খেলতে পারি।”

বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছিল সেঞ্চুরিয়নে, এখানেই হবে তৃতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে হারের পেছনে দায় ছিল উইকেটেরও। মিরাজ আবারও জানালেন, ভালো খেলাই সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের প্রথম লক্ষ্য।

তিনি বলেন,”প্রথম ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলে জিতেছি। দ্বিতীয় ম্যাচে উইকেট ওরকম ছিল না। উইকেট ভালো থাকলে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। আমরা এখনও লড়াইয়ের ভেতরে আছি। আমরা একটা জিতেছি ওরা একটা জিতেছে। সিরিজ জয়ের সুযোগ আছে। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। সবাই ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »