নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাওয়ে সিরিজে সবসময় সফরকারী দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কন্ডিশন। উপমহাদেশের দলগুলো যখন এশিয়ার বাইরে খেলতে যায় তখন তাদের খাবি খেতে দেখা যায়। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের সামনে তাই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।
শীতের সাথে সেখানে মেঘলা আবহাওয়া। বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার এখনকার কন্ডিশন আকাশ-পাতাল তফাৎ। তবে কন্ডিশন নিয়ে বাংলাদেশ দল মোটেও চিন্তিত নন। ব্যাটিং কিংবা ফিল্ডিং- কোনো ক্ষেত্রেই কন্ডিশন বেকায়দায় ফেলার মত রূপ নেবে না- বিশ্বাস বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।
ডমিঙ্গো বলেন,”আমার মনে হয় শুক্রবার আবহাওয়া ভালোই থাকবে। যদিও বছরের এই সময়টায় অনেক ঝড়বৃষ্টি হয়। তবে আশা করি শুক্রবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। দিবারাত্রির ম্যাচ, তাই মেঘাচ্ছন্ন আবহাওয়া খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। তাই এটা বড় কোনো ফ্যাক্টর হবে না।”
শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়ের ক্ষেত্রেও আবহাওয়ার ভূমিকা থাকার কথা অনেক সময় শোনা গেছে ক্রিকেটারদের মুখে। তবে ডমিঙ্গো মনে করেন, ফিল্ডিংয়ের ক্ষেত্রে ভেন্যু কিংবা কন্ডিশন কোনো প্রভাবক হয়ে উঠে না।
তিনি বলেন,”ফিল্ডিংয়ের জন্য কোথাওই কঠিন কিছু নেই। আপনি এখানে করুন আর নিউজিল্যান্ডে করুন আর বাংলাদেশে করুন। সবখানেই আপনাকে ক্যাচ ধরতে হবে। আসলে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ভেন্যুর ভিন্নতা তেমন পার্থক্য রাখে না।”
