আইপিএলের মতো পিএসএলেও নিলাম আয়োজন করতে চান রমিজ রাজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতীয় জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের মত পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে ইচ্ছে প্রকাশ করেছেন পিসিবি প্রধান রমিজ রাজা। তারপর তিনি দেখতে চেয়েছেন কারা পিএসএল ছেড়ে আইপিএল খেলতে যান।

আইপিএলকে টেক্কা দিতে অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোও নিজেদের প্রিমিয়ার লিগ চালু করেছে। তবে আইপিএল নিলামে খেলোয়াড়দের নাম উঠলেই তাঁকে কোন দল ভেড়াবে তার জন্য কাড়াকাড়ি হয়। যে কারণে দর্শকদের বাড়তি নজর থাকে এ টুর্নামেন্টে। এবার পিএসএলেও এমন নিলাম চালু করতে চান পিসিবি প্রধান। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন রমিজ রাজা।

তিনি বলেন,”আমাদের (পিসিবিকে) আরও বেশি সম্পত্তির পরিমাণ বাড়াতে হবে। তহবিলের জন্য আইসিসি এবং পিএসএল থেকে প্রাপ্য টাকা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমি পিএসএলের পরের সংস্করণ থেকে নিলামের ব্যবস্থা করতে চাই। সেই মডেলই চালু করতে চাই। আমরা এই নিয়ে আলোচনা করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসব।”

তিনি আরও যোগ করেন,”এটা টাকার খেলা। পাকিস্তানে যখন ক্রিকেট অর্থনীতি বৃদ্ধি পাবে, তখন আমাদের সম্মানও বাড়বে। সেই আর্থিক অর্থনীতির মূল চালক পিএসএল। আমরা যদি পিএসএলকে নিলামের মডেলে নিয়ে যাই, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেশি খরচ করার ক্ষমতা দিই, তাহলে আমরা অনায়াসে পিএসএলকে আইপিএলের কাতারে নিয়ে আসতে পারি। তারপর আমরা দেখব কে পিএসএল ছেড়ে আইপিএল খেলতে যায়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »