টি-টোয়েন্টি দলে ফিরতে তাড়া নেই মিরাজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, এখানে ভালো করে ফিরতে চান টি-টোয়েন্টি দলে। বিপিএলে মিরাজের পারফরম্যান্সও ছিল ভালো। তবে এতে খুলেনি টি-টোয়েন্টি দলের দরজা। অবশ্য টি-টোয়েন্টিতে ফিরতে কোনো তাড়াহুড়াও নেই এই অলরাউন্ডারের।

টেস্ট ও ওয়ানডে দলে অবিচ্ছেদ্য অংশ হলেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অনেক দিন ধরে নেই মিরাজ। মিরাজ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। অবশ্য বিপিএলের মত মঞ্চে মিরাজের আবেদন কমেনি। টি-টোয়েন্টিতে মনোযোগ রাখছেন টেস্ট ও ওয়ানডেতে, যেখানে তিনি দলের তুরুপের তাস। প্রয়োজন মনে করলে নির্বাচকরাই টি-টোয়েন্টি দলে ডাকবেন, এই বিশ্বাস আছে মিরাজের।

জনপ্রিয় এক অনলাইন পোর্টালকে মিরাজ বলেন,”আমার কাজ পারফর্ম করা। যারা নির্বাচক প্যানেলে আছেন, তারা জিনিসটা আমার চেয়ে ভালো বুঝবেন। আমি মনে করি যেটা ভালো হবে সেটাই তারা করবেন। টি-টোয়েন্টি নিয়ে এখনও সেভাবে পরিকল্পনা করা হয়নি। যেহেতু ওয়ানডে ও টেস্ট খেলছি, এই দুইটাতেই মনোযোগ রাখছি। যদি সুযোগ আসে, আমাকে টি-টোয়েন্টি খেলার উপযোগী মনে করেন, তাহলে সামনে হয়ত দেখতে পাবেন। এখন ওয়ানডে ও টেস্ট নিয়েই খুশি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »