গোলাপি বলের টেস্টের আগে লঙ্কান শিবিরে ধাক্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলতে নামার আগের দিন দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির টপ অর্ডার ব্যাটসম্যান পাথুম নিসানকা।

পিঠের চোটে ভুগছেন নিসানকা। তাকে আসছে টেস্টে না পাওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে।

ইনিংস ও ২২২ রানে হারা মোহালি টেস্টে খেলতে না পারা দুশমন্থ চামিরাকে আসছে গোলাপি বলের ম্যাচেও পাচ্ছে না লঙ্কানরা। গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি ডানহাতি এই পেসার।

নিসানকাকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। মোহালিতে প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলটির দুই ইনিংসে এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে করেন ৭৫ রান।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে লাহিরু কুমারার। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে ব্যাটিংয়ে নামলেও বোলিং আর করেননি এই পেসার। সেই চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। সংবাদ সম্মেলনে করুনারত্নে জানান, আগামী ম্যাচে তাকেও পাচ্ছে না তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »