নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রকোপ কমেছে। তার প্রভাব ভালোমতো পড়েছে খেলাধুলায়। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে মিরপুরে দেখা মিলেছে দর্শক। এবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট লিগেও দেখা যাবে দর্শক। তাও ফ্রি।
আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্ট।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যানের সালাহউদ্দিন চৌধুরী জানান, মিরপুর আর বিকেএসপিতে দর্শক প্রবেশের অনুমতি থাকছে। এমনকি ফ্রিতে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। টিকিটের ব্যবস্থা না থাকায় কোনো অর্থ খরচ করতে হবে না খেলা দেখতে আসা দর্শকদের।
সালাহউদ্দিন বলেন, ‘এবার বিকেএসপিতে দুটি করে ম্যাচ, সেখানে দর্শক প্রবেশের অনুমতি থাকছে। সাথে মিরপুরের শের-ই-বাংলায়ও দর্শক প্রবেশ করবে। দর্শকদের জন্য ওপেন থাকছে।’
স্টেডিয়ামে বসে খেলা দেখার পাশাপাশি অনলাইনেও ঐতিহ্যবাহী ঢাকা লিগের খেলা দেখতে পারবেন সমর্থকরা। বিসিবি নিজেদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে খেলাগুলো সম্প্রচার করবে।
