দক্ষিণ আফ্রিকায় ম্যাচ জেতাতে চান তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় ধরনের অবদান রেখে ম্যাচ জেতাতে চান তাসকিন আহমেদ। বিশেষ করে আসন্ন সিরিজে প্রোটিয়াদের মাটিতে অন্তত একটি ম্যাচে বাংলাদেশকে জেতাতে চান এই ডানহাতি পেসার।

স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি হবে আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে লাল-সবুজের দল।

এই সফরে যাওয়ার আগে তাসকিন বলেন,”নিজের আয়ত্ত্বের মধ্যে থেকে সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা, ম্যাচ জেতানোতে যেন আমার ভূমিকা থাকে বা আমি একটা ম্যাচ জেতাতে পারি, ভালো কিছু করতে পারি- এটাই লক্ষ্য।”

প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে এই জয়ও সুখস্মৃতি যোগাচ্ছে তাসকিনকে। এছাড়া ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার কারণে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন এই গতি তারকা।

তাসকিন আরও বলেন,”চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সফরও চ্যালেঞ্জিং ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতাল। কঠিন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকায়ও জেতা সম্ভব।”

প্রোটিয়াদের উইকেটে পেসারদের বাড়তি সুবিধা দেয়ায়, সেই সুযোগ লুফে নিতে চান তাসকিন। সেক্ষেত্রে আরও নিখুঁত ডেলিভারি দেয়ার তাগিদ অনুভব করছেন ২৬ বছর বয়সী এই পেসার।

তাসকিন আরও বলেন,”ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় প্রপার স্পোর্টিং উইকেট। ওসব জায়গায় বোলার-ব্যাটার দুইজনেরই ভালো করার সুযোগ থাকে। ওখানে চ্যালেঞ্জ আরও বেশি। ইভেন বাউন্স থাকে, সুন্দরভাবে ক্যারি করে, ঠিক লাইন-লেন্থে বল না করলে আবার রান লিক হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা আছে, তবে একইসাথে আরও বেশি নিখুঁত হতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »