নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি কোন প্রকার রোমাঞ্চ ছাড়াই ড্র হয়েছে। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বললেন, অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের ধার ভোঁতা করার পরিকল্পনা নিয়েই এমন পিচ বানানো হয়েছে রাওয়ালপিন্ডিতে।
গত ১৪৫ বছরের ইতিহাসে বোলিংয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ অভিজ্ঞতার বিচারে রাওয়ালপিন্ডি টেস্ট রয়েছে দ্বিতীয়স্থানে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের সম্মিলিত বোলিং গড় ২৩৮.৩৩ এবং স্ট্রাইকরেট ৪৭৮।ম্যাচটিতে দুই দল মিলিয়ে উইকেট পড়েছে মাত্র ১৪টি। পাকিস্তানের চারটি এবং অস্ট্রেলিয়ার ১০টি উইকেট পড়েছে। সফরকারীদের ক্ষুরধার বোলিং আক্রমণকে ঠেকানোর জন্যই নাকি স্বাগতিক পাকিস্তান এমন পিচ বানিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
কামিন্স বলেন,”ইতিহাস দেখলে পাওয়া যায়, রাওয়ালপিন্ডিতে সাধারণত এই ধরনের পিচ হয় না। এটা স্পষ্ট যে তারা আমাদের পেস বোলিং আক্রমণকে রদ করার জন্যই এমন পিচ বানানোর পরিকল্পনা করেছে। আমার মনে হয়, উপমহাদেশের এই কন্ডিশনে টেস্ট ড্র করা খারাপ ফলাফল না। আমি এটি ইতিবাচকভাবেই নিচ্ছি।”
সিরিজের দ্বিতীয় টেস্টের জন্যও প্রস্তুত হচ্ছেন এখন থেকেই। করাচিতে দ্বিতীয় ম্যাচেও যে তাদের জন্য প্রতিকূল পরিস্থিতি অপেক্ষা করছে তা বুঝতে আর বাকি নেই কামিন্সের।
অজি অধিনায়কের ভাষ্যমতে,”এই ম্যাচে খুব একটা রিভার্স সুইং হতে দেখলাম না। তবে আমি খুশি আমাদের দলের সবাই যেভাবে লড়াই করেছে এবং হার মানেনি। আগামী দুই দিন আমরা এসব নিয়ে আলোচনা করব। হয়ত করাচিতে আমাদের জন্য আরেক ভিন্ন কন্ডিশন অপেক্ষা করছে।”
