নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নাঈম শেখের মত তরুণ ক্রিকেটারদের আরো সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রংগনা হেরাথ। তিনি মনে করেন নাঈম শেখ ছাড়াও যেসব তরুণ ক্রিকেটাররা ভালো করতে পারছেন তাদের আরো সময় দিতে হবে।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় ল নিয়ে কথা বলেছেন এই লংকান। নাঈম শেখের সাম্প্রতিক পারফরম্যান্স এর জন্য তাকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে তার সামর্থ্য নিয়ে। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্পিন কোচ বলেন, ‘আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? দুই মাস আগে ব্যাট করার সময় তো সে ভালো করেছে, তার মানে তার সামর্থ্য ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে একটা হল মানসিক দিক, একটা হল টেকনিক্যাল দিক। প্রত্যেক খেলোয়াড়েরই তো উন্নতির সুযোগ আছে। যদি তারও কিছু করার থাকে, করা হবে।”
তবে নাঈম শেখের মত যেসব ব্যাটসম্যানরা বাউন্ডারি মারতে পারছেন না নিয়মিত তাদের স্ট্রাইম রোটেট করে খেলার পরামর্শ দিয়েছেন হেরাথ। ‘ব্যাটারদের চার-ছক্কা মারতে না পারলে সিঙ্গেল নিতে হবে। এটা ব্যাটিংয়ের মৌলিক একটি পরিকল্পনা, বলেন হেরাথ।
হেরাথ আরো বলেন বোলিং ইউনিটের সবাই মোটামুটি সুযোগ এবং সময় দুটোই পাচ্ছে। ঠিক একইভাবে ব্যাটসম্যানদেরও সময় দেওয়া উচিত। ‘খেলোয়াড়দের যত খেলার সুযোগ দেওয়া হবে, তত আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বোলিং ইউনিট হিসেবে তারা অনেক সুযোগ পাচ্ছে। ব্যাটাররাও এমন সুযোগ পেলে তারাও সেরাটা দিতে পারবে’ যোগ করেন সাকিবদের এই স্পিন কোচ।
