নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে হচ্ছে ন্যাথান লায়নের। তবে সেখানে নিজেদেরই জিত দেখছেন অভিজ্ঞ এই স্পিনার। তিনি তো বটেই, দলের কারোরই পাকিস্তানে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তবুও লক্ষ্য স্থির করেছেন হোয়াইটওয়াশ। সিরিজ জিততে চান ৩-০ ব্যবধানে।
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে গত রোববার পাকিস্তানে পৌঁছায় তারা। মঙ্গলবার প্রথমবারের মতো তারা অনুশীলন করে রাওয়ালপিন্ডিতে। সেখানেই আগামী শুক্রবার শুরু হবে প্রথম টেস্ট। দুই দেশের দুই গ্রেট রিচি বেনো ও আব্দুল কাদিরের নামে সিরিজের নাম দেওয়া হয়েছে বেনো-কাদির ট্রফি।
প্রথম দিনের অনুশীলন থেকে রাওয়ালপিন্ডির উইকেট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন লায়ন। উইকেটে খুব বেশি ঘাস থাকবে না এবং শুষ্ক হবে বলে মনে করছেন তিনি। বিশেষ করে শুরুর দিকে বোলারদের জন্য কাজটা হতে পারে কঠিন।
টেস্ট ক্যারিয়ার শুরুর আগে কিউরেটর হিসেবে কাজ করা লায়ন পিচ বিশ্লেষণে বেশ পারদর্শী। তার মতে, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে যেমন উইকেটে তারা খেলেছেন, তেমনই হবে এখানকার উইকেট। গত দশকে আমিরাতে পাকিস্তানের বিপক্ষে চার টেস্টের তিনটিতেই তারা পেয়েছিল হারের তেতো স্বাদ। ২০১৮ সালে দুবাইয়ে প্রথম টেস্ট ড্র করতে পেরেছিল শেষ ইনিংসে উসমান খাওয়াজার দারুণ এক সেঞ্চুরির কল্যাণে।
সোয়েপসন-অ্যাগার বিতর্কে কৌশলী জবাব দিলেও সিরিজ নিয়ে লক্ষ্যের কথা স্পষ্টই জানিয়ে দিলেন লায়ন, ‘আমার ভাবনা পাকিস্তানে আসা এবং ৩-০ ব্যবধানে জেতা।”
২০১৯ সালের অ্যাশেজের পর দেশের বাইরে এটিই অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ। গত ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে অ্যাশেজে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে তারা গুঁড়িয়ে দেয় ৪-০ তে। পাকিস্তানে চ্যালেঞ্জ থাকলেও ওই সিরিজের আত্মবিশ্বাস কাজে দেবে বলে মনে করেন লায়ন।
“অবশ্যই এটা পুরোপুরি ভিন্ন এক চ্যালেঞ্জ, যেটাতে আমরা ঘরের মাঠে অভ্যস্ত। এটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কিন্তু আমাদের তরুণ ও রোমাঞ্চকর অস্ট্রেলিয়ান টেস্ট স্কোয়াড আছে এবং আমরা দুর্দান্ত গ্রীষ্ম কাটিয়ে এসেছি, যা আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে।”
