নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লে রান তোলার আদর্শ সুযোগ হলেও বাংলাদেশ বরাবরই এই জায়গায় নড়বড়ে। এমন অবস্থা দ্রুতই কাটিয়ে উঠতে চান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সাম্প্রতিক ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যাবে, পাওয়ারপ্লের ৬ ওভারে ওভারপ্রতি ৬ রান করে নেওয়াও যেন কঠিন হয়ে উঠছে বাংলাদেশের জন্য। তবে রিয়াদ মনে করেন, পাওয়ারপ্লেতে কাঙ্ক্ষিত ব্যাটিং উপহার দেওয়ার সামর্থ্য আছে টাইগারদের।
তিনি বলেন,”ইনশাআল্লাহ্, আশা করি এটা থেকে বের হতে পারব। আমাদের যে দল, পাওয়ারপ্লেতে ৪০-৪৫ রান তোলার সামর্থ্য আছে। প্রতিদিন হয়ত এমন আকাশচুম্বী শুরু আপনি পাবেন না। তবে ব্যাটিং ইউনিট হিসেবে অন্তত লড়াকু স্কোর, যেমন ১৫০-১৬০ নিয়মিত করতে হবে, তাহলে ম্যাচ জেতার সুযোগ থাকবে। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই হোক।”
মিরপুরের উইকেটে হলেও রিয়াদের বিশ্বাস, এই সিরিজেই পাওয়ারপ্লেতে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের টপ অর্ডার। একইসাথে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা স্টেডিয়ামে এই সিরিজে স্পোর্টিং উইকেট পাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি, যেখানে সুবিধা পাবেন বোলার ও ব্যাটার দুই পক্ষই।
রিয়াদ বলেন,”আমরা চেষ্টা করছি, কথাবার্তা বলছি, ইনশাআল্লাহ্ উপায় খুঁজে পাব। আশা করি ভালো উইকেট, স্পোর্টিং উইকেট হবে। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও সুবিধা পাবে। একটু সময় কাটানো গেলে ব্যাটাররা ভালো সময় কাটাতে পারবে।”
