নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের আসরে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেয়ায় ‘অধিনায়ক’ শ্রেয়াস আইয়ারের দিকে নজর ছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। তবে সবাইকে চমকে দিয়ে ডানহাতি এই ব্যাটারকে দলে নিতে ১২ কোটি ২৫ লাখ রুপি খরচ করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ফ্র্যাঞ্চাইজিদের এমন আগ্রহ থাকলেও মেগা নিলামের সময় বুক ধড়ফড় করছিল আইয়ারের।
বেঙ্গালুরুতে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম চলছিল তখন ভারতের দলের ক্রিকেটারদের সঙ্গে বসে টিভিতে সেটা দেখছিলেন আইয়ার। ইংল্যান্ডের ইয়ন মরগানকে ছেড়ে দেয়ায় অধিনায়ক আইয়ারের জন্য উঠে পড়ে লেগেছিল কলকাতা। তবে মেগা নিলামে দিল্লি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স এবং বেঙ্গালুরুকে হটিয়ে বড় অঙ্কে আইয়ারকে দলে নেয় কলকাতা। আইপিএলে এবারের আসরে কলকাতার সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত ডানহাতি এই ব্যাটার।
কলকাতার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আইয়ার বলেন,”হ্যাঁ, আমি নিলাম দেখছিলাম। শুরু থেকেই কেকেআর আমাকে পাওয়ার চেষ্টা করেছে। অন্য বড় কিছু ফ্র্যাঞ্চাইজিও নেমেছিল। আমার মনে আছে, অনেকক্ষণ চলেছে। আমরা ভারতীয় দলের খেলোয়াড়েরা সবাই একসঙ্গে বসে টিভিতে নিলাম দেখছিলাম। আমার বুক ধড়ফড় করছিল এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।”
হাজার হলেও নিলামে নিজেকে বিক্রি হতে দেখছিলেন দেখে নিজেকে সামলে রাখার চেষ্টা করেও পারছিলেন না আইয়ার।
তিনি বলেন,”আমি শান্ত হওয়ার ভান করতে চাইছিলাম কিন্তু ভেতরে ভেতরে ঠিকই চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত কেকেআর পেয়েছে আমায়। এই অনুভূতিটা দারুণ। বিশেষ করে, কেকেআরের সমৃদ্ধ ইতিহাস বিবেচনা করে আমি খুবই গর্বিত।”
