সুজনের চোখে আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামীকাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। আফগানিস্তানের স্পিনকে বাংলাদেশের ভীতির কারণ হিসেবে অনেকেই দেখছেন, তবে সাবেক অধিনায়ক ও বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশই ফেভারিট।

আফগানিস্তান বিশ্বব্যাপী সমীহ অর্জন করার বড় কারণ তাদের বোলিং। যেকোনো ফরম্যাটেই প্রতিপক্ষ ব্যাটারদের বড় পরীক্ষা নেওয়ার সামর্থ্য রাখে দলটি। সুজনও বিষয়টি মানেন। তবে ওয়ানডে ফরমেট বলেই আত্নবিশ্বাসী সুজন। তার ভাষায়, ‘আফগানিস্তানও ভালো দল, তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো। তবে আমি বিশ্বাস করি ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। আমাদেরই ভালো করা উচিৎ আসলে।’

রশিদ-নবীদের বোলিংকে মূল চ্যালেঞ্জ মানলেও সেই চ্যালেঞ্জ সামলানোর সামর্থ্য বাংলাদেশের আছে, মনে করেন সুজন। তিনি জানান, ‘অবশ্যই, তাদের বোলিং মূল চ্যালেঞ্জ। রশিদ তো বিশ্বখ্যাত বোলার। তবে এই ফরম্যাট তো ভিন্ন। চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে। আমাদের বোলিংও অনেক শক্তিশালী। আমরা যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

সুজনকে আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের ফর্ম । বিপিএলে সাকিব তামিমদের পারফরমেন্স ছিলো দুর্দান্ত। সুজন বলেন, ‘শুধু সাকিব না, বাকি যারা আছে তারাও পারফর্ম করেছে। মুস্তাফিজ, তামিম ভালো খেলেছে, দারুণ খেলেছে। তবে সাকিব ফর্মে থাকা মানে আমাদের জন্য বড় একটা ব্যাপার। সাকিব ব্যাটে-বলে দুই জায়গাতেই ফর্মে আছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ও থাকলে টিম কম্বিনেশন সহজ হয়, ভারসাম্য ভালো হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »