বাংলাদেশে লেগ স্পিনারের অভাব দেখে অবাক ডু প্লেসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

উপমহাদেশের প্রতিটি দলেই আছে লেগ স্পিনার। অথচ বাংলাদেশ দলে লেগ স্পিনার না থাকার আক্ষেপ রয়েছে দীর্ঘদিনের। এমনকি ঘরোয়া ক্রিকেটেও লেগ স্পিনার দেখা যায় না সচরাচর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লেগ স্পিনারের এই অভাব অবাক করেছে ফাফ ডু প্লেসিকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে অষ্টম আসর খেলা ডু প্লেসি বাংলাদেশের স্পিন সাম্রাজ্য দেখে মুগ্ধ হলেও তিনি ভেবে পাচ্ছেন না, উপমহাদেশের দেশ হওয়া সত্ত্বেও এখানে কেন লেগ স্পিনার কম।

তিনি বলেন,”বিপিএল মানসম্পন্ন স্পিনারে ভর্তি। প্রতি দলেই ভালো ভালো বাঁহাতি ও অফ স্পিনার আছে। তবে লেগ স্পিনার নেই দেখে অবাক হলাম। উপমহাদেশে খেলতে আসার সময় অনুমান করা হয় এখানে হয়ত অনেক লেগ স্পিনার লাগে। কিন্তু এখানে তেমনটা দেখিনি।”

এবারের বিপিএলেও শুরুতে অনেক সহায়তা পেয়েছেন স্পিনাররা। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, উইকেট ততই ‘স্পোর্টিং’ তকমা গায়ে লাগাতে পেরেছে। ডু প্লেসির মনে ধরেছে এই রান-বন্যার উইকেটগুলোই।

তিনি বলেন,”টুর্নামেন্টের শেষভাগে উইকেট অনেক ভালো ছিল। শুরুতে উইকেট একটু ভেজা ছিল। স্পিনাররা অনেক সহায়তা পেয়েছে। রানও বেশি হচ্ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা দেখা যায় না। তবে টুর্নামেন্টের দ্বিতীয়াংশে উইকেট ব্যাটারদের পক্ষে ছিল। সাদা বলের ক্রিকেটে এটাই লোকে দেখতে চায়। আসলে প্রথম সপ্তাহের পর থেকেই উইকেট অনেক ভালো ছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »