নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ভারতীয় পেসার দীপক চাহার। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল ক্যারিবীয়দের বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে শাই হোপকে ফিরিয়েছিলেন চাহার। এরপর একই ওভারের পঞ্চম বল করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এরপর মাঠ ছাড়তে হয় তাকে।
গতকালের ম্যাচে বল হাতে দারুণ ছন্দে ছিলেন চাহার। প্রথম ওভারের পঞ্চম বলে তিনি আউট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইল মায়ার্সকেও। যদিও চাহারের চোট কতটা গুরুতর সেটা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ভারতীয় দলের মেডিক্যাল বিভাগ।
চোট গুরুতর হলে শুধু শ্রীলঙ্কা সিরিজই নয় আইপিএলের শুরুতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। আইপিএলের মেগা নিলাম থেকে তাকে ১৪ কোটি রুপি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস।
