নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক প্রতীক্ষার পর অবশেষে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টাইগার্স। ইতিমধ্যেই ছায়া দলের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, যাদের নিয়ে বগুড়ায় ক্যাম্প শুরু হবে ২৫ ফেব্রুয়ারী থেকে । শুধু ক্রিকেটার না , ঘোষণা করা হয়েছে এই ছায়া দলের কোচিং প্যানেলের সদস্যদের নামও।
বাংলাদেশ টাইগার্স এর এই ক্যাম্পে কোচিং প্যানেলের সদস্য থাকবে ৯ জন, এর মধ্যে বেশিরভাগই দেশি কোচ। আছেন ২ জন বিদেশি কোচও।
ছায়া দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন দেশের প্রখ্যাত কোচ মিজানুর রহমান বাবুল। থাকবেন একজন স্পেশালিষ্ট কোচ এবং একজন পেস বোলিং কোচ। ফিল্ডিং স্পেশালিষ্ট কোচ হিসেবে আসছেন ইংল্যান্ডের কুকি প্যাটেল। কাউন্টিতে কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ ফিল্ডিংয়ে স্পেশালিষ্ট। এছাড়া দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে কাজ করা লঙ্কান ফাস্ট বোলিং কোচ চম্পকা রমানায়েকেও হাই থাকবেন ছায়া দলের সাথে। যদিও বাংলাদেশ জাতীয় দলেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করার সম্ভাবনা রয়েছে চম্পকার। এই ৩ জন ছাড়াও আরও ৬ জন কোচ কাজ করবেন ছায়া দলের সাথে। তাদের মধ্যে ২ জনের নাম জানানো হয়েছে। তারা হলেন দুই সাবেক ক্রিকেটার- আফতাব আহমেদ ও নাজমুল হোসেন।
বাংলাদেশ টাইগার্সের দায়িত্বে থাকা বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘কোচিং প্যানেলকে নেতৃত্ব দেবেন আমাদের মিজানুর রহমান বাবুল ভাই। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। অন্যান্য ঘরোয়া ক্রিকেটেও প্রধান কোচ হিসেবে কাজ করেন। উনি কোচিং স্টাফকে নেতৃত্ব দিবেন এই মেয়াদে, দুজন বিদেশি কোচ থাকবে তার সহকারী হিসেবে।’
সেই দুই সহকারী হিসেবে কুকি ও চম্পকার নাম জানিয়ে ইনাম আরও বলেন, ‘বিশেষজ্ঞ হিসেবে, একজন ফিল্ডিং বিশেষজ্ঞ আসছে ইংল্যান্ড থেকে তার নাম হল কুকি প্যাটেল। আর বিসিবির সাথে চম্পকা আছে এইচপির প্রোগ্রামে, এসব প্রোগ্রামে সবসময় থাকে বোলিং কোচ। সে এই প্রোগ্রামেও যোগ দিবে।’
