নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে কুমিল্লাকে জিতিয়েছেন শহিদুল ইসলাম । শেষ ওভারে শহিদুলের হাতে বল তুলে দেওয়ার সময় অধিনায়ক ইমরুল তাকে বলেছিলেন তুই পারবি ।
ইমরুলের সেই আস্থা ও বিশ্বাসের প্রতিদান শহিদুল দিয়েছেন দলকে জিতিয়ে। শেষ ওভারে মাত্র ৮ রান খরচ করে কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন ১ রানের জয়ের মাধ্যমে। ম্যাচ শেষে ইমরুল জানালেন, শহিদুলের ওপর তার আস্থা রাখার কথা।সে সময় আবু হায়দার রনির ৩ ওভার ও মঈন আলীর ১ ওভার বাকি ছিল। অভিজ্ঞতা বিচারে মঈনকে বল হাতে তুলে দিতে পারতেন। তবে ইমরুল শহিদুলকেই বেছে নেন। শহীদুল দিয়েছেন অধিনায়কের আস্থার প্রতিদান ও।
ইমরুল বলেন, ‘আমি ওকে বলেছিলাম- মানুষের জীবনে হিরো হওয়ার সুযোগ সবসময় আসে না। আমি বলেছিলাম- তুই পারবি। আমি এখানে বিদেশিদের ওপর আস্থা রাখতে চাই না। আমি চাই তুই এই ম্যাচ জিতাবি।‘যেভাবে নির্দেশনা দিয়েছিলাম কোন বল কীভাবে করতে হবে, ও ঠিক তাই করেছে। যার জন্য আমারও সিদ্ধান্ত নিতে, ফিল্ডিং সেটআপ করতে সুবিধা হয়েছে।’
শেষ বলে বরিশালের প্রয়োজন ছিল ৩ রান। ঐ বল কীভাবে করতে হবে সেই উপায় বাতলে দিয়েছেন ইমরুলই। তিনি জানান, ‘১ বলে ৮ রান প্রয়োজন হলে ভিন্ন কথা। ১ বলে লাগত ৩ রান, যেকোনোভাবে খেলা বের হয়ে যেতে পারে। লাস্ট ডেলিভারি খুব ভালো জায়গায় করেছিল। আমিই ওকে বলেছিলাম। ফিল্ডিং সেটআপ অফ স্টাম্পের বাইরে করেছি। আমি চাই তুমি এই বলটাই করবা। ওটাই করেছে।’
