প্রথম শিরোপার স্বাদ পেতে বরিশালের লক্ষ্য ১৫২

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ফাইনালে, আজ (শুক্রবার) হোম অফ ক্রিকেট মিরপুরে, শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

হাই ভোল্টেজ এই ম্যাচে, শিরোপা জয়ের মহারণে, টসে জিতে আগে ব্যাট করে, ফরচুন বরিশালকে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চ্যাম্পিয়ন তকমা গায়ে জড়ানোর ব্যাট-বলের এই  মহারণে, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি ইমরুল কায়েস। লিটন দাসের সঙ্গে ইনিংস উদ্বোধনে নেমে, গত ম্যাচের মতো আজকের ম্যাচেও হেসেছে সুনিল নারাইনের ব্যাট। কোয়ালিফায়ার ম্যাচের ন্যায়ে, আজকের ফাইনালেও মিরপুর শেরে-বাংলার দর্শক দেখেছে নারাইন ঝড়। আগের ম্যাচে ১৩ বলে রেকর্ড অর্ধশতক তুলে নেওয়া নারাইন, চলতি ফাইনালেও  মাত্র ২১ বলে তুলে নিয়েছেন আরো একটি চোখধাঁধানো অর্ধশতক।

একপ্রান্তে নারাইনের ব্যাট হাসলেও অন্যপ্রান্তের কুমিল্লার ব্যাটাররা করছেন চরম হতাশ। দলীয় ৬৯ রানে নারাইনের (৫৭) বিদায়ের পর খেই হারিয়ে ফেলে কুমিল্লার ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে আর ২৬ রান যোগ করতেই  ইমরুল,ডু-প্লেসিস,জয় ও আরিফুলের উইকেট হারিয়ে ৯৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে উড়ন্ত সুচনা পাওয়া কুমিল্লা।

দলের এই চরম ব্যাটিং বিপর্যয়ে ত্রাতা হয়ে আসেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। আবু হায়দার রনিকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে গড়েছেন ৫৪ রানের কার্যকরী জুটি। ইনিংসের শেষ ওভারে, রান আউটে কাঁটা পড়ে প্যাভিলিয়নে ফেরার আগে, মঈন খেলেছেন ৩৮ রানের গুরুত্বপূর্ণ  ইনিংস।নারাইনের শুভসূচনা ও মঈন-রনির ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৯  উইকেট হারিয়ে ১৫১ রানের লড়াকু পূঁজি দাঁড় করায় কুমিল্লা।

বরিশালের হয়ে বল হাতে মজিবুর রহমান ও শফিকুল ইসলাম নেন দুটো করে উইকেট। এছাড়া সাকিব, ব্রাভো ও রানার শিকার একটি করে উইকেট।

নিজেদের বিপিএল ইতিহাসের, প্রথম ট্রফি জয়ের স্বাদ নিতে ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ফরচুন বরিশাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »