নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লীগের এবারের ২২ তম আসর শুরু হতে যাচ্ছে ১৫ মার্চ । ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আয়োজন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সিসিডিএম।
ওয়ানডে ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এই আসর। তবে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কথা মাথায় রেখে যথাসম্ভব কম সময়ের মধ্যেই টুর্নামেন্ট সম্পন্ন করার চেষ্টায় সিসিডিএম। এ কারণে ১২ দলের প্রথম ধাপের লড়াইয়ে থাকবে না রিজার্ভ ডে।এবারও আগের মত প্লেয়ার বাই চয়েজ পদ্ধতি থাকছে। অর্থাৎ, ক্রিকেটাররা ক্লাবের সাথে যোগাযোগ করে নিজেরাই দল বেছে নিতে পারবেন। প্রত্যেক দল একজন করে বিদেশি ক্রিকেটারও একাদশে রাখতে পারবে এবার।
সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ডিপিএলের দলবদল অনুষ্ঠিত হবে ২ ও ৩ মার্চ। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে, অর্থাৎ ১৪ মার্চ উন্মোচিত হবে শিরোপা।সালাউদ্দিন বলেন, ‘যেহেতু সামনে রোজা আসছে, আর বাংলাদেশ দলেরও ব্যস্ত সূচি; মাঠেরও একটা ব্যাপার আছে। তাই আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। যে কারণে প্রিলিমিনারি রাউন্ডে কোনো রিজার্ভ ডে রাখছি না। সুপার লিগে রিজার্ভ ডে থাকছে।’
ডিপিএলের প্রত্যেক ক্রিকেটারেরই করোনার দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। খেলা শুরুর আগে হবে করোনা পরীক্ষা। করোনা নেগেটিভ না হলে খেলতে পারবেন না ডিপিএল।
