নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ অংশে এসে ক্রিকেট সমর্থকদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের বাকি চারটি ম্যাচ মাঠে বসে উপভোগ করার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমিরা। প্লে-অফ ও ফাইনালে দর্শকদের মাঠে বসে খেলা উপভোগের অনুমতি দিয়েছে বোর্ড।
তবে বিপিএল শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলাকালে করোনা পরিস্থিতির উন্নতি হলে দর্শক ফেরানো হতে পারে। সরকারও ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নেওয়ার দিকে নজর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মাঠে বসে দর্শকদের খেলা উপভোগের সুযোগ দিচ্ছে বিসিবি। প্রতি ম্যাচে ৩ থেকে ৪ হাজার দর্শক করোনা প্রটোকল মেনে খেলা উপভোগ করতে পারবেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন,”সরকারের সাথে আমাদের আলোচনায় আমাদের বোর্ড সভাপতির আন্তরিক চেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে প্রবেশাধিকার দেওয়ার অনুমতি পেয়েছি। ৩-৪ হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতে পারবেন।”
তবে টিকিট কেটে খেলা দেখার সুযোগ থাকছে না। টিটু জানান,’‘বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয় এজন্য টিকিট বিক্রি করতে হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দিব।”
