নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্যই বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমি সিডন্স। নিয়োগ পাওয়ার পরে এই মাসেই উড়ে এসেছেন বাংলাদেশে, বাংলাদেশে এসে ঘুরে বেড়িয়েছেন বিপিএল এর ভেন্যু গুলোতে, দেখেছেন পুরনো শিষ্যদের খেলা ।আফগানিস্তান সিরিজ থেকে শুরু হবে বাংলাদেশ দলের সাথে সিডন্সের কাজ । এমন সময় এলো দুঃসংবাদ, করোনা পজিটিভ ।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশকে কোচিং করিয়েছেন সিডন্স। প্রধান কোচ হিসেবে তার দেওয়া দীক্ষা কাজে লাগিয়ে বাংলাদেশ পেয়েছিল অভূতপূর্ব সাফল্য। সেই সিডন্স এবার বাংলাদেশে এসেছেন ব্যাটিং পরামর্শক হয়ে।আফগানিস্তান সিরিজ দিয়েই টাইগারদের ব্যাটিং দেখভালের দায়িত্ব পেতেন। তার আগে চুটিয়ে উপভোগ করছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর থেকে সিলেট- সবখানে ছিল তার বিচরণ। বাংলাদেশে ফিরে কতটা খুশি- তা বোঝা যাচ্ছিল তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে। তবে এই সুযোগে মহামারী সৃষ্টি করা করোনা বাসা বেঁধেছে সিডন্সের শরীরে।
শনিবার করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ চিহ্নিত হয়েছেন সিডন্স। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। দেশব্যাপী করোনার সংক্রমণ সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। যদিও ভ্যাকসিনেশন প্রোগ্রামের কারণে করোনা আগের মত ভয়ংকর রূপে নেই। তবুও আফগানিস্তান সিরিজের প্রাক্বালে করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চয়ই স্বস্তি কেড়ে নিয়েছে সিডন্সের।
অবশ্য আফগানিস্তান সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হতে এখনও দেরি আছে। বিপিএল শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এরপর ক্রিকেটাররা জড়ো হবেন ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আফগান সিরিজের জন্য। সিডন্স এখন আছেন আইসলিউশনে সিরিজের ক্যাম্প শুরু হওয়ার আগে আগে করোনা নেগেটিভ হয়ে গেলে সিরিজের শুরু থেকেই তামিম-মুশফিকরা পাবেন সিডন্সের কোচিং।
