সাকিবের চোখে এবারের বিপিএলের একমাত্র প্রাপ্তি মুনিম শাহরিয়ার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিনি এলেন, দেখলেন আর জয় করলেন! এই শব্দগুলো এই মুহুর্তে মুনিম শাহরিয়ারের সাথে খুব ভালভাবে মিলে যায়। চলতি বিপিএলে বরিশাল ওপেনার মুনিম শাহরিয়ারের বিধ্বংসী ব্যাটিং সবারই আলাদা নজর কেড়েছে। বরিশালের কাপ্তান সাকিবের মতে এবারের বিপিএলে একমাত্র প্রাপ্তি মুনিম শাহরিয়ার।

অনান্য দেশগুলো তাদের ফ্র‍্যাঞ্চাইজি লিগ আয়োজনের মধ্য দিয়ে খুঁজে বের করে নিয়ে আসা সুপ্ত প্রতিভাবান টি-টোয়েন্টি ক্রিকেটারদের। বাংলাদেশের বিপিএল এই জায়গাটিতে এখনো তুলনামূলক পিছিয়ে। তবে বিপিএলের এবারের আসরে মুনিম শাহরিয়ারের মতো টি-টোয়েন্টি মেজাজের ওপেনার প্রাপ্তি নিঃসন্দেহে বড় কিছু।

অথচ বরিশালের হয়ে ব্যাট হাতে এবারের বিপিএলে আলো ছড়ানো মুনিম শাহরিয়ার প্লেয়ার ড্রাফটে দলই পাননি। খালেদ মাহমুদ সুজনের কল্যাণে ফরচুন বরিশাল দলে খেলার সুযোগ পেয়েছিলেন মুনিম। ড্রাফটে দল না পেলেও খালেদ মাহমুদ পরবর্তীতে বরিশাল দলে ভিড়িয়েছেন এই ওপেনারকে।

গুরু খালেদ মাহমুদের আস্থার প্রতিদান ব্যাট হাতে খুব ভালভাবে দিয়ে যাচ্ছেন মুনিম। মুনিমের ভয়ডরহীন ব্যাটিং ইতিমধ্যে মুগ্ধ করেছে সবাইকে। ফরচুন বরিশালের কাপ্তান সাকিব আল হাসানের মতে বাংলাদেশ দলের জন্য মুনিম শাহরিয়ারের মতো ব্যাটার খুবই প্রয়োজন।

সাকিবের ভাষায়: ‘বাংলাদেশের জন্য যেমন প্রয়োজন সে ঠিক তেমন। বলকে খুব সহজেই মারতে পারে। নির্ভীক ক্রিকেটার। তার দেখাশোনা ঠিকঠাক হচ্ছে এটা নিশ্চিত করতে হবে। এবারের বিপিএলের প্রাপ্তি সে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »